নাহিদ ইসলাম বলেননি পুলিশ হত্যার তদন্ত বন্ধের কথা

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব, তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন” - এমন মন্তব্য করেছেন দাবি করে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই বিষয়টির সূত্রপাত, যা পরে আসল খবর দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দাবিসংবলিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-শব্দ ব্যবহার করে অনুসন্ধান করলেও মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বাসযোগ্য সূত্রে এ ধরনের বক্তব্যের প্রমাণ মেলেনি।
পরবর্তীতে অনুসন্ধানে ‘গুজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত একটি ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়। তবে ওই পোস্টেও কোনো তথ্যসূত্র বা প্রমাণ উল্লেখ করা হয়নি। পেজটির বায়োতে লেখা রয়েছে- “শুধু বিনোদনের জন্য সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।” অর্থাৎ এটি মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশকারী পেজ।
পেজটি পর্যবেক্ষণ করলে একই ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক ও ভিত্তিহীন পোস্ট দেখা যায়। এতে স্পষ্ট হয় যে আলোচিত ফটোকার্ডটিও ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব, তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন”- নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি মিথ্যা।

