এমপি ফজলুর রহমান কি মুক্তিযোদ্ধা নন?

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ছড়িয়ে পড়ে যে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় নেই। দাবিটি দ্রুতই নানা মহলে আলোচনার জন্ম দেয় এবং অনেকেই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়েন।
তবে ‘আগামীর সময়’-এর অনুসন্ধানে দেখা যায়, এই দাবির কোনো ভিত্তি নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম’ (BVFMS) ওয়েবসাইটে অনুসন্ধান চালালে ফজলুর রহমানের নাম পাওয়া যায়। শুধু নামই নয়, সেখানে তার ছবিসহ বিস্তারিত তথ্যও সংরক্ষিত রয়েছে, যা তার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির প্রমাণ বহন করে।
ওই তথ্য অনুযায়ী, তার মুক্তিযোদ্ধা নম্বর ০১৪৮০০০২০৪০। পাশাপাশি বেসামরিক গেজেটে ১৯৮৯ নম্বর সিরিয়ালে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ‘লাল মুক্তিবার্তা’ তালিকায়ও ১১৭০৬০১৩৪ নম্বর সিরিয়ালে তার নাম পাওয়া যায়।
সব মিলিয়ে সরকারি একাধিক নির্ভরযোগ্য উৎসে তার নাম থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি সঠিক নয়। এটি একটি ভ্রান্ত তথ্য, যা যাচাই ছাড়া ছড়িয়ে পড়েছে।




