আগামীর সময়

ইরানি মায়েদের খেজুর খাইয়ে বিদায়ের দাবি মিথ্যা, ভিডিওটি সিরিয়ার

ইরানি মায়েদের খেজুর খাইয়ে বিদায়ের দাবি মিথ্যা, ভিডিওটি সিরিয়ার

ছবিঃ আগামীর সময়

চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘ইরানি মায়েরা তাদের সৈনিক সন্তানদের নবীর সুন্নাহ অনুসারে খেজুর খাইয়ে ও দোয়া করে বিদায় দিচ্ছেন।’

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক ইরান–ইসরায়েল সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট নয়। প্রকৃতপক্ষে, এটি সিরিয়ায় ঘটিত একটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও।

অনুসন্ধানে راديو طيف (রাদিও তাইফ) নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির বর্ণনা অনুযায়ী, সিরিয়ার হাসাকাহ গ্রামাঞ্চল হয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি বহর কামিশলি শহরের দিকে যাওয়ার সময় এক নারী তাদের স্বাগত জানানোর দৃশ্য এটি।

একই তথ্য Al Mashhad গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও পাওয়া যায়।

এছাড়া সিরিয়াভিত্তিক গণমাধ্যম Shaam Network–এর ওয়েবসাইটে ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, হাসাকাহর তাল ব্রাক এলাকার তাল আধান গ্রাম অতিক্রম করে কামিশলি শহরে যাওয়ার সময় ওই নিরাপত্তা বাহিনীর বহরকে স্বাগত জানান তাল আধান গ্রামের বাসিন্দা নওরা আল-ওয়াসমি।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নওরার এই উদ্যোগকে সম্মান জানাতে সিরিয়ান আরব সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল তার বাড়িতে পরিদর্শনও করে।

অর্থাৎ, ভাইরাল ভিডিওটির ঘটনাটি সিরিয়ায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘটেছে, যা ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান–ইসরায়েল সংঘাতের আগের ঘটনা।

সুতরাং, ইরান- ইসরায়েল সংঘাতের সময় ইরানি মায়েরা তাদের সৈনিক সন্তানদের খেজুর খাইয়ে বিদায় দিচ্ছেন- এমন দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার এবং বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: