ব্যাপক বিভ্রাটের মুখে ইউটিউব

সংগৃহীত ছবি
বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে ব্যাপক প্রযুক্তিগত বিভ্রাটের শিকার হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী সেবা পেতে সমস্যায় পড়েন বলে অভিযোগ ওঠে।
ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ‘আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে এবং দ্রুত সমাধানে কাজ করছে।’
কর্তৃপক্ষ আরো জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রদর্শনে বিঘ্ন ঘটে। এর মধ্যে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে।
বার্তায় বলা হয়, ‘হোমপেজ সেবা পুনরায় চালু হয়েছে। তবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য আমরা এখনো কাজ চালিয়ে যাচ্ছি।’
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, তাদের প্ল্যাটফর্মে তিন লাখের বেশি ব্যবহারকারী সমস্যা সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। রাত প্রায় ১টার দিকে অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।
গুগলের মালিকানাধীন ইউটিউব বর্তমানে বিশ্বজুড়ে মাসে ২ দশমিক ৫ বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে ভিডিও শেয়ারিং খাতে শীর্ষ অবস্থানে রয়েছে।

