ড. সফিউদ্দিন আহমদ আর নেই

ফাইল ছবি
উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আজ ভোর ৪-৩০ ঘটিকায় ঢাকার নিজ বাসভবন নয়া পল্টনে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালে ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক। শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেও তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। তিনি ছিলেন তথ্যসন্ধানী, সমাজমনস্ক এবং প্রগতিশীল চিন্তাচেতনার একজন মৌলিক গবেষক।
ছাত্রজীবনে সফিউদ্দিন আহমদ প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সামরিক জান্তা আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি দুইবার জেল খেটেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত অবস্থায় ২০০৫ সালে তিনি অবসরে যান। ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০ তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে উদীচীর সভাপতির দায়িত্ব পালন করেন।

