আগামীর সময়

আগামীকাল বিশেষ দোয়া আয়োজনের আহ্বান ইসির

আগামীকাল বিশেষ দোয়া আয়োজনের আহ্বান ইসির

সংগৃহীত ছবি

দেশের কিছু নির্বাচনী এলাকায় প্রার্থীদের নানা অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ায় শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

সারা দেশে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলে।

    শেয়ার করুন: