আগামীর সময়

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ফাইল ছবি

ঢাকা, খুলনা, বরিশালসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিসে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

    শেয়ার করুন: