মন্ত্রিপরিষদ সচিব ড. রশীদের নিয়োগ বাতিল

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দফতর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেয়া হয়েছিল।

