ছায়া সংসদকে স্বাগত জানাব: সালাহউদ্দিন

সংগৃহীত ছবি
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকে বিএনপি স্বাগত জানাবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গুলশানে দলীয় কার্যালয়ের সামনে দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নির্বাচনে ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। বিপরীতে ৭৭টি আসনে জিতে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা।
ভোটের পর জামায়াতের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট দিয়ে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানান।
আসিফ তার পোস্টে লেখেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’
বিরোধী জোটের এ সিদ্ধান্তের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘বিরোধী দল ছায়া সংসদ করার সংস্কৃতি উন্নত বিশ্বে আছে। যদি তা হয়, তাহলে একে স্বাগত জানাই।’
মঙ্গলবার সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল বিএনপি। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা হবে বেলা সাড়ে ১১টায়। সংসদ ভবনে এই সভা হবে।’
সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।’
মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছে এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

