১৮ মাসে প্রধান উপদেষ্টার পেজে ২০ কোটি ভিউ: শেষ ব্রিফিংয়ে প্রেসসচিব

ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেসসচিব শফিকুল আলম বলেন, আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং।
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে আমরা সব সময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কী, তা আমরা আপনাদের জানিয়েছি।
প্রেসসচিব বলেন, প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো সংবাদ নেই, যা আমরা শেয়ার করিনি। পেজ মিনিমাম ২০ কোটি বার ভিউ হয়েছে, সবকিছু মিলিয়ে।
শফিকুল আলম বলেন, মাঝেমধ্যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্সের যত প্রশ্ন আপনাদের ছিল, সব প্রশ্নই আমরা নিয়েছি।
প্রেস উইংয়ের অন্য সদস্য আজাদ মজুমদার বলেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী সপ্তাহে আশা করছি, আমরা টেবিলের ওপারে আপনাদের সঙ্গেই থাকব।
আরেক সদস্য বলেন, আমি সব সময় আপনাদের সঙ্গে বেশি ক্লোজ থেকেছি। সম্পূর্ণ পেশাদারির সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। নানা কারণে আমরা এক্সট্রা অর্ডিনারি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা স্যরি।

