আগামীর সময়

বাস মালিক সমিতি দূর পাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল

বাস মালিক সমিতি দূর পাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে, ১১ ফেব্রুয়ারি সারাদেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারিতে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।


রোববার (৮ ফেব্রুয়ারি) সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ১১ তারিখে বাস চলবে, যদিও সেই দিনের টিকিটের চাহিদা এখনও বেশি নেই। অন্যদিকে ১০ ফেব্রুয়ারির জন্য টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে। ১২ ফেব্রুয়ারির বাস চলাচল বিষয়ে তিনি বলেন, “বাস চলাচলের ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবে ভোটের দিন বেশিরভাগ কর্মী ছুটি নিয়েছেন।


আমরা বাধ্য হয়ে সার্ভিস কম করতে পারি। তবে ভোট শেষে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।” সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ভোটের সময় ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।


আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৭২ ঘণ্টা। এ অবস্থায় দূরপাল্লার যানবাহন চলাচল করবে কিনা তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।


এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধিনিষেধ শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


তবে আইন-শৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র এবং চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।

    শেয়ার করুন: