অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে : মন্ত্রণালয়

ঈদযাত্রায় সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে। আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরতও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অভিযানের বিস্তারিত উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে এই জরিমানা করা হয়েছে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে।
ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে বরিশাল জেলায় পরিচালিত ১টি অভিযানে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্নে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান চলবে।
সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের।

