ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনা অধ্যায় শেষ, সম্পর্ক এগোবে তারেক রহমানের নেতৃত্বে

সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে হয়েছে আলোচনা। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখার বিষয়টিও পেয়েছে প্রাধান্য।
আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে হয় এই সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকের অন্যতম আলোচ্য ছিল ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রকল্পটি দ্রুত কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেছে দুই পক্ষই। এই প্রকল্পকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছে বর্তমান সরকার। ‘সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখার বিষয়টিও প্রাধান্য পেয়েছে’— জানালেন হুমায়ুন কবির।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সমীকরণ বদলানোর ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। তার ভাষ্য, ‘শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের অধ্যায় শেষ।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে দুদেশের মানুষের স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে এগিয়ে নেওয়া হবে সম্পর্ক। উপদেষ্টার মতে, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে সীমান্ত হত্যাসহ দীর্ঘদিনের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলছিলেন, ‘দ্বিপাক্ষিক আলোচনাকে আরও বেগবান করতে এই সফর।’ সেখানে তারা অংশ নেবেন ইন্ডিয়ান ওশান কনফারেন্সে।
সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠকের। এ সফরে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি জোরালভাবে তোলার কথা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ।



