আগামীর সময়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

সংগৃহীত ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় থাকা শীর্ষ চারটি শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮৭)। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের শহর দিল্লি (২৫৩), বাংলাদেশের রাজধানী ঢাকা (২৪৮) ও সেনাগালের শহর ডাকার (২১৭)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি রয়েছে।

আজ খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা (৪৩১), দক্ষিণ পল্লবী (৩৫০) ও সাগুফতা এলাকায় (৩২৮) বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায় রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ধানমন্ডি, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও তেজগাঁয়ের শান্তা ফোরাম। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: