আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যক্তির বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এই সচিব। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন। এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।
এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ আবু আলম শহীদ খানকে তার বাসা থেকে গ্রেফতার করেছিল। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হয়।

