ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা পেলেন আগামীর সময়ের ভুবন

সম্মাননা নিচ্ছেন আগামীর সময়ের আলোকচিত্রী মোশাররফ হোসেন ভুবন
রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে ‘ইম্পেরিয়াল ফটো সাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’। ফটো সাংবাদিকতায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এ সম্মাননা। এবার আগামীর সময়ের আলোকচিত্রী মোশাররফ হোসেন ভুবন পেয়েছেন এই স্বীকৃতি।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন ও ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তারসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হয় মোট ২৭ জন ফটো সাংবাদিককে। পাশাপাশি অ্যাওয়ার্ড দেওয়া হয় নেপালের ১০ জন ফটো সাংবাদিককেও। দীর্ঘ ৫৭ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় রয়টার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমানকে।
শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের। ফটো সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ জোগাতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।



