শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা অবরোধ ছেড়ে দিলে শাহবাগ মোড়ে স্বাভাবিক হয় যান চলাচল।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে শাহবাগ মোড়ে জড়ো হয়। এ সময় তাদের হাতে দেখা যায় জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্ল্যাকার্ড। পরে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর তারা সেখানে অবস্থান করেন। পরে শুক্রবার দুপুরের পর আবারও যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেন তারা।
এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন। পরে সন্ধ্যার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে বাধা দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হন। পরে চিকিৎসার জন্য তাদের ঢামেক কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। ডাকসু নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত।

