আগামীর সময়

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

প্রতীকী ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ভারতের শহর দিল্লি। ২১৮ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তালিকায় দশম স্থানে রয়েছে। আজ ১৫৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১১ গুণেরও বেশি রয়েছে।

আজ সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়। দূষণের তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, সাগুফতা ও দক্ষিণ পল্লবী, গুলশানের লেকপার্ক এলাকায়। এসব এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর। আজ উত্তর বাড্ডা, বারিধারা পার্ক রোড, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও শান্তা ফোরাম এলাকায় বাতাসের মান আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: