শিশু গৃহকর্মীকে নির্যাতন, বিমান এমডি শফিকুর রহমান সস্ত্রীক কারাগারে

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গতকাল রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন- শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসার জন্য ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্তের বাসায় মোহনা নামে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন শফিকুর রহমান ও তার স্ত্রী বীথি। ভুক্তভোগী শিশুর পিতা মোস্তফার দেওয়া এজাহারের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বিমান এমডিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গুরুতর আহত মোহনা বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পিতা মোস্তফা। মোহনার পুরো শরীরে পোড়া ক্ষত, হাতে কাটা ও সেলাইয়ের দাগ এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভুক্তভোগীর পিতা মোস্তফা বলেন, আমি একজন অসহায় বাবা। আমার মেয়ের সঙ্গে যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর শফিকুর রহমানকে বিমানের এমডি এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

