পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে ১ মাস বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের ভিত্তিতে ভিসার মেয়াদ আরও বাড়ানো হবে বলেও প্রতিমন্ত্রী আশ্বাস দেন।
শুক্রবার (৩ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।
প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। যে সব দেশে প্রয়োজন হবে, সেসব দেশের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ভিসার মেয়াদ আরও বাড়ানো হবে।
‘বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারেন এবং অন্য দেশগুলোতে নিরাপদে থাকতে পারেন—সে লক্ষ্যে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে’, প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে বলছিলেন শামা ওবায়েদ।
মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
এ সময় অবৈধ পথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়েও সতর্ক করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণহানি ঘটছে। অনেকে বিভিন্ন দেশে আটকা পড়ছেন। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

