আগামীর সময়

বিশেষ কমিটির প্রথম বৈঠকে যে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বিশেষ কমিটির প্রথম বৈঠকে যে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনা হওয়া ৪০টি অধ্যাদেশের মধ্যে রয়েছে—দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন, বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন এবং বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ অধ্যাদেশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে—সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ এবং নিয়োগের বয়সসীমা নির্ধারণসংক্রান্ত সংশোধনী অধ্যাদেশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে আছে—জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ, সন্ত্রাসবিরোধী সংশোধন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ।

এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন, বন ও বৃক্ষ সংরক্ষণ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, বন্যপ্রাণী সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন, বেসামরিক বিমান চলাচল সংশোধন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন, মাছ সংরক্ষণসংক্রান্ত দুটি অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধনের দুটি অধ্যাদেশ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সংশোধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার সংশোধন, পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলি সংশোধন, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়।

পরবর্তী বৈঠকে বাকি অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুক প্রমুখ।

জয়নুল আবেদীন বলেছেন, প্রথম দিনে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করা গেছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্ন মত আছে, সেগুলো পরের বৈঠকে আবার আলোচনা হবে।

    শেয়ার করুন: