শহীদ মিনারে একজনকে গুলি ও ছুরিকাঘাত, আটক ১

প্রতীকী ছবি
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে একজনকে।
রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তির নাম মো. রাকিব। তার বাবার নাম মো. খোকন। তার বাসা শাহবাগ শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকায়। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত একজনকে পথচারীরা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম সিহাব হোসেন। বাড়ি খুলনায় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেছেন, ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। যে গুলি করেছে এবং যে আহত হয়েছে, দুজনেই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।

