ইকবাল হাসান মাহমুদ
ইনকিলাব জিন্দাবাদের সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক নেই

ফাইল ছবি
বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে আমরা যত্নবান না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষা ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে ন্যাশনালিজম গ্রো করে না।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে জেন-জি ইনকিলাব বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। আমি জীবন দিতে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ আমার নাম নিত না। বেঁচে আছি বলেই মন্ত্রী হয়েছি। এই ভূখণ্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।
এদিকে বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ফেসবুকে সরব হয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে হাসনাত আব্দুল্লাহও ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন।
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ফেসবুকে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?’
অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’
হাসনাত আবদুল্লাহও ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেন।

