আগামীর সময়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত ঘিরে জনস্রোত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত ঘিরে জনস্রোত

সংগৃহীত ছবি

এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ঈদের প্রধান আকর্ষণ এখন ঈদ জামাতকে ঘিরে।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এ জামাতকে কেন্দ্র করে সকাল থেকেই মুসল্লিদের ঢল নেমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই ঈদগাহে প্রবেশ শুরু করেন মুসল্লিরা।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাব, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। ধীরে ধীরে পুরো মাঠ ভরে উঠছে মানুষের পদচারণায়।
ঈদের নামাজ আদায় করতে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে এক অনন্য মিলনমেলা।

খিলগাঁও থেকে আসা আশরাফ আলী জানান, এক মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ পূর্ণতা পায় জামাতের মধ্য দিয়ে। হাজারো মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ আদায়ের অনুভূতি ভাগ করে নিতেই তিনি ভোরে ঈদগাহে এসেছেন।

অন্যদিকে চকবাজার থেকে ছেলেকে নিয়ে আসা মুস্তাফিজুর রহমান বলেন, বহু বছর ধরে তিনি এখানে ঈদের জামাতে অংশ নিচ্ছেন। শৈশবের স্মৃতি ধরে রাখতে এবার ছেলেকেও সঙ্গে এনেছেন। তার ভাষায়, বাবার হাত ধরে যেমন ঈদগাহে আসতাম, আজ ছেলেকে নিয়ে এসে সেই একই আনন্দ খুঁজে পাচ্ছি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে শরিক হবেন।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ভিআইপি অতিথিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জনের জন্য পৃথক আসন প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী ভিআইপি।
মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, নিরাপত্তা ব্যবস্থা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায়।

    শেয়ার করুন: