ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির তার জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, ‘আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।’
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে আসামি তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক মেসেঞ্জারে নিজেরা কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের প্রলোভন দেখান। এক পর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে ‘ধর্ষণ’ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে এ অভিযোগপত্র জমা দেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

