ফেব্রুয়ারিতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিষ্পত্তি ৪০৫১ মামলা

সংগৃহীত ছবি
সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট ৪ হাজার ৫১টি মামলা নিষ্পত্তি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর মধ্যে ২ হাজার ২৭৩টি ফৌজদারি এবং ১ হাজার ৭৭৮টি ট্রাফিক মামলা রয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার হওয়া ৩ হাজার ৭০৬ জনের মধ্যে ২ হাজার ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ২ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৭০৬ জনকে গ্রেপ্তার করে। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২ হাজার ২৭৩টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়।
অন্যদিকে একই সময়ে ডিএমপির ট্রাফিক বিভাগের মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ মোট ১ হাজার ৮৩৩টি মামলা করে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ৩৫৯টি মামলাসহ মোট ১ হাজার ৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গুরুতর নয় এমন অপরাধ বা যেসব অপরাধে তুলনামূলক কম শাস্তি হয়, সেসব মামলার বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করা যায়।

