আগামীর সময়

প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনার কারাদণ্ড

প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনার কারাদণ্ড

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরও দুই মামলার রায় দিয়েছে আদালত। রায়ে শেখ হাসিনার সঙ্গে এবার তার ভাগ্নে ও দুই ভাগ্নিকে দোষী সাব্যস্ত করে দেয়া হয়েছে কারাদণ্ড।


এর মধ্যে একটি মামলা আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির এবং অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের দেয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড।


তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে ১০ বছর এবং তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর করে ৪ বছর কারাদণ্ড হয়েছে।


ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এ দুই মামলার রায় ঘোষণা করেন।


মামলায় বলা হয়, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তী পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বোনকে প্লট বরাদ্দে সহায়তা করেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেন।


দুদকের দায়ের করা এই দুই মামলায় আসামী ১৮ জন করে। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।


আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপসহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি।


প্লট দুর্নীতির ছয় মামলায় গত ৩১ জুলাই শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে হাসিনা পরিবারের তিন মামলার রায় ঘোষণা করা হয় গত ২৭ নভেম্বর। আর ১ ডিসেম্বর দেয়া হয় রেহানার প্লট দুর্নীতির মামলার রায়।

এ চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। জয় ও পুতুলকে দেয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড। এছাড়া শেখ রেহানার ৭ বছর ও তার মেয়ে টিউলিপের ২ বছরের সাজা হয়েছে।

    শেয়ার করুন: