আগামীর সময়

জামায়াতের অভিযোগগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত: ইসি সচিব

জামায়াতের অভিযোগগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত: ইসি সচিব

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিতের দাবি জানায়।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ভোট বন্ধের সুযোগ আছে কি না, তা অভিযোগের সত্যতা প্রমাণের ওপর নির্ভর করবে। অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য যাচাই ছাড়া এখনই কিছু বলা যাবে না। আগাম মন্তব্য করলে মানুষ বিভ্রান্ত হতে পারেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন, বলেন তিনি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্বিক নির্বাচন পরিস্থিতিতে বড় কোনো সমস্যা দেখা যায়নি। নিজেও দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন বলে উল্লেখ করেন ইসি সচিব।

এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় টিমের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের অন্তত ৩০টি কেন্দ্র থেকে শুরুতেই তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের প্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন শফিকুল আলম লিখিতভাবে ভোট বন্ধের আবেদন করলেও রিটার্নিং কর্মকর্তা কার্যকর পদক্ষেপ নেননি। সেই আবেদনের কপিও সিইসির কাছে জমা দেওয়া হয়েছে।

এছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের অধিকাংশ কেন্দ্র থেকেও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়। নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের বেলাব পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সহায়তায় জোরপূর্বক সিল মারার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তাদের প্রার্থীকে রক্তাক্ত করার ঘটনাও তুলে ধরা হয়।

পাশাপাশি ঝালকাঠি, পাথরঘাটা ও পটুয়াখালীর মির্জাগঞ্জে সংঘাত ও কেন্দ্র দখলের অভিযোগ করা হয়েছে। শরীয়তপুরের বিভিন্ন আসনেও এজেন্টদের প্রবেশে বাধা ও হয়রানির কথা জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে অনিয়মের অভিযোগে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ এই তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিতের দাবি প্রধান নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

    শেয়ার করুন: