আগামীর সময়

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সাথে বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার এবং সংবিধান সংশোধন বিষয়ে ইইউর পক্ষ থেকে জানতে চাওয়া হলে এর প্রেক্ষিত, পটভূমিসহ জুলাই সনদের বিষয়সমূহ ব্যাখ্যা করে আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক পথযাত্রা সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয় সেজন্যই অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।

প্রতিনিধি দলকে তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় ৯ মাস আলোচনাক্রমে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে সাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রয়াসে ইইউর সমর্থন কামনা করেন ড. রীয়াজ।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইইউর প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস জানান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইইউ বরাররই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন।

ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের সাথে ইইউর সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও অ্যান মার্লবরো।

    শেয়ার করুন: