আগামীর সময়

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে : ইসি

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে : ইসি

সংগৃহীত ছবি

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


আজ রবিবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়। বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

রহমানেল মাছউদ আরো বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তার সমালোচনা করেন, আরো ভালো কীভাবে করা যায়, তা তুলে ধরেন।


    শেয়ার করুন: