হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

মাদারীপুর সদর হাসপাতালে তোলা। ছবি: ফোকাস বাংলা
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে মারা গেছে আরও ৯ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছিল তিন শিশুর। হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৩৫২টি শিশুর।
এ সময়ে সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৮৯ শিশুর। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।
হাম শনাক্ত হয়ে বরিশালে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে ঢাকায় ৩, খুলনায় ২ ও সিলেটে মারা গেছে এক শিশু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৯১ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হলো ৩৫২ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১টি শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



