আগামীর সময়

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন এখন থেকে মানুষকে চিকিৎসার জন্য আর ডাক্তারের পেছনে ছোটাছুটি করতে হবে না, বরং ডাক্তারই মানুষের পেছনে যাবে।


তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত একটি মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে এবং চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা সেবা সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।

তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।

নরসিংদীর স্বাস্থ্য অবকাঠামো প্রসঙ্গে মন্ত্রী জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা রয়েছে। আপনারা দোয়া করবেন। বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানেই করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব হাসপাতাল এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালু করার জন্য কাজ করা হবে। পাশাপাশি নরসিংদীতে দুইটি আইসিইউ ইউনিট আনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ।

    শেয়ার করুন: