তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরিফের

ফাইল ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
এক্স-এ প্রকাশিত এক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং জাতীয় নির্বাচনে তার দলের ঐতিহাসিক বিজয়ে পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এসময় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার কথা বলেন। পাশাপাশি একে অপরের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ সম্মান রেখে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সূত্র : জিও নিউজ।

