আগামীর সময়

বিদ্যুৎ সাশ্রয়ে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী, কমালেন এসি

বিদ্যুৎ সাশ্রয়ে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী, কমালেন এসি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ সাশ্রয় ও খরচ কমাতে সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট বন্ধ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে  দিয়েছেন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শও।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। নিজ কক্ষে প্রবেশ করেই অর্ধেক লাইট বন্ধ করে দেন। এসির তাপমাত্রা কমিয়ে দেন ২৫ দশমিক ১ মাত্রায়- বলছিলেন আতিকুর।

এই মাত্রায় এসি চললে বিদ্যুৎ খরচ কম হয় উল্লেখ করে তিনি জানালেন, মন্ত্রিসভার বৈঠকে গিয়েই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে বলেন প্রধানমন্ত্রী।

‘তার এই ব্যক্তিক্রমী উদ্যোগের পরে তার দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপনী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী’- বললেন অতিরিক্ত প্রেস সচিব।

দিনের আলোতে লাইট কম ব্যবহার করে অফিস বা বাড়ি-ঘরের জানালার পর্দা সরিয়ে রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    শেয়ার করুন: