আগামীর সময়

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

প্রতীকী ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হবে।


আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বন্দর ভবনের পাশে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার থেকে টানা তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। সেটা শেষ হতে না হতে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিলেন তারা।

ইব্রাহিম খোকন বলেন, ‘ঢাকায় আমাদের কর্মকর্তাদের আটকে রেখে জোর করে চুক্তিতে সই নেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় কর্মসূচি শিথিল করার সুযোগ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন অনির্দিষ্টকাল চলবে।’

এদিকে কর্মবিরতির চতুর্থ দিনে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ করে দেন। এতে আজ মূল জেটিতে ছয়টি জাহাজ আনা-নেওয়া সম্ভব হয়নি। তবে পতেঙ্গায় আরএসজিটি টার্মিনাল ও দুটি বিশেষায়িত জেটিতে তিনটি জাহাজ আনা-নেওয়া হয়েছে।

এত দিন কর্মবিরতির কারণে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো এবং খালাসের কাজ বন্ধ থাকলেও জাহাজ আনা-নেওয়ায় বাধা ছিল না। আজ প্রথমবারের মতো সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেল। ফলে বন্দরের অচলাবস্থা আরও জোরালো হয়েছে।

    শেয়ার করুন: