পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের সাক্ষাৎ

সার্ক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশের অঢেল সমর্থন এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাতের সময় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় সার্ক সনদে বর্ণিত নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। যার মধ্যে রয়েছে— সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক সুবিধা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে ড. খলিলুর বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশ প্রথম প্রস্তাব করেছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই অঞ্চলে জনগণের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নত করা এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদার করার জন্য সার্ক গঠনের প্রস্তাব করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বাংলাদেশের অবদান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮৫ সালের ডিসেম্বরে এবং ১৯৯৩ ও ২০০৫ সালে দুবার সার্কের প্রথম শীর্ষ সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক হিসেবে মূল্যবান ভূমিকা রয়েছে বাংলাদেশের। বিশেষ করে অভিন্ন আঞ্চলিক মূল্যবোধ গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, জনগণের সঙ্গে যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদান অপরিসীম।

