আইন উপদেষ্টা
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলের গেজেট, রোজার আগেই ক্ষমতা হস্তান্তর

সংগৃহীত ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। আর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
ভোটের চিত্র তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন দু-একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের দেশের দীর্ঘদিনের নির্বাচনী সংস্কৃতিতে এমন কিছু ঘটনা ঘটে থাকে, তবে সামগ্রিকভাবে নির্বাচন ছিল সুশৃঙ্খল। গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ এক নতুন ধারায় প্রবেশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

