মঙ্গলবার এমপি ও মন্ত্রিসভার শপথ

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। একই দিন বিকালে মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়ানো হবে।
শনিবার রাতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯ আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ছয়টি আসন। জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।
এ ছাড়া একটি করে আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

