আগামীর সময়

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে ভুয়া ফেসবুক পেজ বা গ্রুপ খোলে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। ওই ফেসবুক পেজ বা গ্রুপের নাম ‘Barrister Kayser Kamal Fan’s।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ সব ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করবেন না।’

এতে আরও বলা হয়েছে, ‘ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং ওই ফেসবুক পেজ/গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন।’

এ অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শেয়ার করুন: