আগামীর সময়

এবারও বিরোধী দল থেকে হলো না ডেপুটি স্পিকার

এবারও বিরোধী দল থেকে হলো না ডেপুটি স্পিকার

সংগৃহীত ছবি

নতুন সংসদ গঠনের আগেও আলোচনা ছিল বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। কিন্তু আজ বৃহস্পতিবার সংসদে ডেপুটি স্পিকার পদটিও সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি থেকেই নির্বাচিত হয়েছেন।

জুলাই সনদ অনুযায়ী সমঝোতার অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ছিল। সরকারি দলও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু অনানুষ্ঠানিক সেই প্রস্তাব আমলে নেয়নি বিরোধী দল। তারা বলেছিল, সংসদে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবেও বলা হয়েছিল ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে। এর আগে ২০০৯ সালে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি আলোচনায় ছিল। 

কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বচিত হয়েছেন বিএনপি সমর্থিত নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

সংসদ অধিবেশনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাব সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। এরপর সংসদ সদস্যদের কণ্ঠভোটে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ৭২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

    শেয়ার করুন: