ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ফাইল ছবি
ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক নেতা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।
সোমবার সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন উত্তরে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটিতে মো. আব্দুস সালাম।
ঢাকা উত্তরের শফিকুল ইসলাম খান সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াতের আমিরের কাছে তিনি পরাজিত হন। দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন।
এছাড়া গাজীপুরে মো. শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ-২০২৪ (সংশোধন) এর ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২০২৪ সালের ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

