আগামীর সময়

প্রধানমন্ত্রীকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বৈঠকে রাষ্ট্রদূত ড. রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি ( ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া।

পররাষ্ট্রমন্ত্রী তথ্যের প্রবেশাধিকারের গুরুত্বের ওপর জোর দেন এবং জাপানি নিয়োগকর্তাদের দ্বারা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া; এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্যরা

এর আগে, জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নের জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন

    শেয়ার করুন: