পদ্মায় বাসডুবি
ডুবে যাওয়া বাস থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার

ছবিঃ আগামীর সময়
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস থেকে রাত সাড়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পানির নিচে থাকা বাসটির সামনের অংশ তোলার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ বের করতে দেখা গেছে। বাসটির জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারেননি। তাই পুরো বাসটিই টেনে তোলা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাস থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগে উদ্ধার করা দুজনসহ মোট ১৬ জন। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হচ্ছে।
স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে ওঠার চেষ্টা করছিল। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রীদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

