অবশেষে শপথ নিচ্ছে জামায়াত

সংগৃহীত ছবি
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা।
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ পড়াচ্ছেন সিইসি নাসির উদ্দিন।
এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
মঙ্গলবার দুপুর ১২টার পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সংসদে যায় জামায়াত নেতৃত্বাধীন জোট।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আমরা দুই শপথ গ্রহণ করছি! জান দেবো... জুলাই দেবো না!’
এর আগে সকালে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‛বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।’
শপথের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে সংসদ ভবনে বৈঠকে বসেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।
এসবের মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১-দলীয় জোট।’
তবে বৈঠক শেষে সিদ্ধান্ত পাল্টে বিরোধী দল ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা।

