‘বিএনপি করায় বঞ্চিত’, জুলাই হতাহতের তালিকা হবে পুনর্মূল্যায়ন

সংগৃহীত ছবি
জুলাই অভ্যুত্থানে হতাহতের তালিকায় নেই বিএনপির অনেকের নাম। রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবার পায়নি কোনো সহায়তা। এমন দাবি করলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রধানমন্ত্রী নির্দেশে এ তালিকা পুনর্মূল্যায়নের পাশাপাশি জুলাই ফাউন্ডেশনের তহবিল খতিয়ে দেখা হবে বলে জানালেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
তার অভিযোগ, ‘কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেয়া হয়নি। সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত-শহীদ, আন্দোলনে অবদান রয়েছে, তাদেরকে পুনর্বাসন করা হবে; চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেয়া হবে।’
প্রধানমন্ত্রী এই পুনর্বাসন প্রক্রিয়ার খোঁজখবর নিয়েছেন বলে জানালেন ইশরাক।
‘জুলাই ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের তরফ দেয়া বড় অংকের তহবিল ঠিকমতো ব্যবহার হয়েছে কিনা- প্রধানমন্ত্রী তা জানতে চেয়েছেন। আমরা ওনার দিকনির্দেশনা নিয়েছি’, বললেন ইশরাক হোসেন।

