ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস

প্রতীকী ছবি
রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যে ধেয়ে আসতে পারে ঝড়। সেইসঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
আবহাওয়া অফিস বলছে, আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকার আকাশ। এ সময় হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাস বইতে পারে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো বাতাস।
পূর্বাভাসে তাপমাত্রা নিয়ে মিলেছে সুখবর। অবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।



