বাউল শিল্পীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সংস্কৃতিমন্ত্রীর

ছবি: আগামীর সময়
বাউল ও লালন শিল্পীদের নিরাপত্তা দিতে এবং জেলাপর্যায়ে দেশীয় ঐতিহ্যের পরিপন্থী অপসংস্কৃতি রোধে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ অধিবেশনে এই নির্দেশনা দেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ‘দেশের ৫৬৪টি প্রত্নস্থল ও ২১টি জাদুঘরের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলা হবে যাতে সরাসরি শিল্পচর্চায় সম্পৃক্ত হতে পারে সাধারণ মানুষ। একটি সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলছিলেন, ‘অবকাঠামোগত উন্নয়নের চেয়েও মানুষের চিন্তা-চেতনা ও আচার-ব্যবহারের ইতিবাচক পরিবর্তন ঘটানো একটি কঠিন বুদ্ধিবৃত্তিক কাজ। গত ১৭ বছরে সাংস্কৃতিক খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বাংলাদেশের সংস্কৃতিকে একটি উচ্চতর মাত্রায় উন্নীত করা বর্তমান সরকারের লক্ষ্য।’
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটগুলো আরও কার্যকর করার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জেলা প্রশাসকদের মনে করিয়ে দেন, ‘বর্তমান সরকার দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।’
সরকারের জনকল্যাণমুখী উদ্যোগগুলো তৃণমূলপর্যায়ে সফলভাবে বাস্তবায়নের মূল কারিগর জেলা প্রশাসকরা। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে আরও স্বচ্ছ, গতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং উপদেষ্টা হুমায়ুন কবির।



