আগামীর সময়

অমর একুশে বইমেলায় স্টল ভাড়া কমাল সরকার

অমর একুশে বইমেলায় স্টল ভাড়া কমাল সরকার

সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশকদের জন্য স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি উপদেষ্টা। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিবসহ পরিচালনা কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এতে অংশগ্রহণকারী প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করেন। উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান।

সভায় জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারিভাবে ৫৫ শতাংশ কমানো হবে। ইতোমধ্যে যেসব প্রকাশক নির্ধারিত হারে স্টল ভাড়ার টাকা বাংলা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বইমেলা কর্তৃপক্ষ। আর যারা এখনো স্টল ভাড়ার টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি অর্থ জমা দিতে পারবেন।

    শেয়ার করুন: