ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

পল কাপুর
আগামী মাসের শুরুতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকের পর এ তথ্য জানানো হলো।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অভিবাসনের মতো পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়।
পল কাপুরের জন্ম দিল্লিতে। তার বাবা ভারতীয়, মা মার্কিন। ম্যাচাচুসেটসের অ্যামহার্স্ট কলেজ থেকে ব্যাচেলর সম্পন্ন করা পল কাপুর পিএইচডি করেন ইউনিভার্সিটি অব শিকাগোয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এর প্রায় আট মাস পর অক্টোবরে ‘অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেইট ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স’ পদের দায়িত্ব পান পল কাপুর। এই দায়িত্বে আগে ছিলেন ডোনাল্ড লু।

