নতুন সরকারের যাত্রা শুরু, সাজ সাজ রব সচিবালয়ে

সংগৃহীত ছবি
বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার আজ বুধবার থেকে যাত্রা শুরু করলো। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে যদিও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই সরকারের।
সরকারি নিয়ম অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টার পর আসবেন সচিবালয়ে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি একইসঙ্গে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ে কাজ শুরু করবেন।
এ উপলক্ষে সাজ সাজ রব শুরু হয়েছে সচিবালয়ে। সবাই ভীষণ ব্যস্ত প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের রুম-সভাকক্ষ গোছানোর কাজে।
এমন দিনে সচিবালয়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সচিবালয়ে আজ কোনো দর্শনার্থী প্রবেশ করবে না। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতের কাজে ব্যস্ত রয়েছে।
বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে তিনিসহ মন্ত্রিপরিষদের ৪৯ সদস্য সচিবালয়ে নিজ নিজ দফতরে আসবেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে তারেক রহমান সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক।

